Showing posts with label বাংলা কবিতা. Show all posts
Showing posts with label বাংলা কবিতা. Show all posts

Monday, 1 December 2014

কথোপকথন ১১ 

 – পুর্ণেন্দু পত্রী


– তুমি আজকাল বড্ড সিগারেট খাচ্ছ শুভন্কর।
– এখুনি ছুঁড়ে ফেলে দিচ্ছি…
কিন্তু তার বদলে??
–বড্ড হ্যাংলা। যেন খাওনি কখনো?
– খেয়েছি।
কিন্তু আমার খিদের কাছে সে সব নস্যি।
কলকাতাকে এক খাবলায় চিবিয়ে খেতে পারি আমি,
আকাশটাকে ওমলেটের মতো চিরে চিরে,
নক্ষত্রগুলোকে চিনেবাদামের মতো টুকটাক করে,
পাহাড়গুলোকে পাঁপর ভাজার মতো মড়মড়িয়ে,
আর গঙ্গা?
সে তো এক গ্লাস সরবত।
–থাক। খুব বীরপুরুষ।
–সত্যি তাই…
পৃথিবীর কাছে আমি এই রকমই ভয়ংকর বিস্ফোরণ।
কেবল তোমার কাছে এলেই দুধের বালক,
কেবল তোমার কাছে এলেই ফুটপাতের নুলো ভিখারি,
এক পয়সা, আধ পয়সা কিংবা এক টুকরো পাউরুটির বেশী আর কিছু ছিনিয়ে নিতে পারিনা।
–মিথ্যুক..।
–কেন?
–সেদিন আমার সর্বাঙ্গের শাড়ি ধরে টান মারনি?
– হতে পারে।
ভিখারিদের কি ডাকাত হতে ইচ্ছে করবে না একদিনও??

Sunday, 5 October 2014

মেলাভাঙার গান
- তৌকীর আহমেদ

হলুদ ফিতে লাল চুড়ি,
রঙিন ফ্রকের কোঁচড়ে
বাতাসা, গজা, নৈ টানা।
নাগরদোলায় ঘূর্ণন শেষে
গ্যালিলিওর মতো একই বোধে উপনীত সে,
যার নাম কখনো সে শুনবে না হয়তো,
তবু বোধের কী আশ্চর্য মিল কালান্তরে।
তীব্র ঘূর্ণনে এখন বিপর্যস্ত সে
ভিসুভিয়াসের লাভার মতো উদ্গিরণ
করে সে বাতাসা, গজা আর নৈ টানার নৈবদ্য।
সাপুড়ের খেলা, পুতুলনাচ, বায়োস্কোপ
কিছুই দেখা হয় না তার।
কিন্তু তার চেয়েও বড় কষ্ট পেয়ে বসে তাকে—
হলুদ ফিতে হারানোর কষ্ট।
এদিক–ওদিক আঁতিপাঁতি খুঁজে চলে তার 
বিষণ্ন ক্লান্ত চোখ—কোথাও পাওয়া যায় না
হলুদ ফিতে।
সময় বয়ে যায়।
সময়ের স্রোতে বালিকার সুখ হারায়। 
বেলা ফোরালে মেলা ভাঙে,
ভাঙা মেলা—শুক্কুর বারের হাটের
মাঠটাকে বিরান করে হঠাৎ,
একে একে চলে যায় সাপুড়ে,
জাদুকর, বেদে আর মিঠাইওয়ালা।
পড়ে থাকে একরাশ ছেঁড়া কাগজ
ছেঁড়া ঠোঙা, রঙিন সুতলি অসম্পূর্ণ সরীসৃপের মতো
ফিরে যায় সবাই, ফিরে যেতে হয়,
কে কবে থেকেছে ভাঙা মেলায়। 
মেলা ভাঙে
বুক ভাঙে বালিকার।
হলুদ ফিতের কষ্ট তাকে না ভাঙা মেলার
স্বপ্ন দেখায়। সেই স্বপ্ন ক্রমেই
হলুদ ফিতের আকার নিয়ে জড়িয়ে যায়
তার লালচে ফেরফ্যারা চুলে।
মেলা ভাঙে, ভাঙতেই হয়, ভাঙবেই তো
তবু বালিকার চুলে জড়ানো
হলুদ স্বপ্ন—
কিশোরীর হয়, তরুণীর হয়
সময় বয়ে যায় তবু
মেলা ভাঙে স্বপ্ন হারায়, সুখেরা পালায় 
কে কবে থেকেছে ভাঙা মেলায়

Wednesday, 9 April 2014

বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো
খুলে রেখেছিলাম অর্গল,
আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা
তুমি শুধু দেখেছো অনল।
তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে
ফ্রিজ শটে স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে বাঁচি।
উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।

প্রিয় কবিতারা...